জাতীয়
ছবি: সংগৃহীত

আজ আসন সীমানা নিয়ে চূড়ান্ত চতুর্থ দিনের শুনানি চলছে ইসিতে।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জমা পড়া দাবি-আপত্তির শেষ দিনের শুনানি চলছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি শুরু হয়।

এতে অন্যান্য কমিশনাররাও উপস্থিত আছেন।

আজ ঢাকা, রংপুর ও রাজশাহীসহ পাঁচটি অঞ্চলের খসড়া মানচিত্র নিয়ে মতামত শোনার কার্যক্রম চলছে। এসব অঞ্চলের ১৮টি আসনকে ঘিরে ২৬২টি দাবি-আপত্তি জমা পড়েছে, যা পর্যায়ক্রমে শুনানি করা হচ্ছে।

প্রথম পর্বে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের আবেদনের শুনানি হয়।  এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানি হওয়ার কথা। নির্বাচন কমিশন জানিয়েছে, আজকের মধ্যেই সব শুনানি শেষ করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি নতুন খসড়া প্রকাশ করে জানায়, ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে, অন্যদিকে বাগেরহাটে একটি কমিয়ে আসন দাঁড়িয়েছে তিনটিতে। রাজধানী ঢাকার কয়েকটি আসনেও পরিবর্তন আনা হয়।

এই খসড়া প্রকাশের পর স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়—কোথাও উচ্ছ্বাস, আবার কোথাও তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। কমিশন ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ দিলে ৮৩টি আসন ঘিরে ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়ে।

এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া শুনানিতে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায় এবং কয়েকটি আসনে সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

মতামত দিন