বাংলাদেশের কারাগারের নাম পরিবর্তন হচ্ছে।
কারা অধিদপ্তর বাংলাদেশের কারাগারের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার পরিকল্পনা নিয়েছে। এ তথ্য মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মহাপরিদর্শক জানান, কারাগারগুলোকে শুধুমাত্র সাজা দেওয়ার জায়গা নয়, বরং সংশোধনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, সংশোধন কার্যক্রম আরও কার্যকর করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ খসড়া তৈরি করা হয়েছে, যা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, বন্দিদের চাপ মোকাবিলার জন্য ২টি নতুন কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। সমন্বয় বাড়াতে ঢাকা বিভাগের সীমারেখা পুনর্বিন্যাস করে দুটি বিভাগ করা হয়েছে।
এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, কারাগারগুলোকে সংশোধন কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ জেলের নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, খসড়া আইন চূড়ান্ত করার পর এই তথ্য সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানিয়েছেন।

মতামত দিন