জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে বনানী-গাবতলী সড়কে তীব্র যানজট।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় এলাকায় অবস্থান নেন। একই সময়ে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরাও বনানীর চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবি জানান।

বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলসের কর্মীরাও বনানী এলাকায় সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যাপক ডা. এ কে আজাদ খান বর্তমানে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও। একাধিক দায়িত্বের কারণে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কার্যত স্থবির রয়েছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার কার্যক্রম প্রায় বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

তাদের দাবি, টানা দুইদিন মানববন্ধন করার পরও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন।

বনানী থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করেন। এ সময় আউটগোয়িং যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

অবরোধের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মহাখালী বা জাহাঙ্গীর গেট থেকে উত্তরমুখী যানবাহন আমতলী হয়ে গুলশান-১, এরপর গুলশান-২ হয়ে নতুন বাজার বা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহার করতে পারবে।

মতামত দিন