ডাকসু নির্বাচন ঘিরে দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামী মাসে দুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৮ সেপ্টেম্বর বিকেল থেকে ৯ সেপ্টেম্বর পুরোদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার মেট্রো স্টেশন ব্যবহারযোগ্য থাকবে না। নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই সঙ্গে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। ভোটকেন্দ্রে ভোট গণনার সময়ও সেনাসদস্যদের অবস্থান করার সিদ্ধান্ত হয়েছে।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি মূল প্রবেশপথে সেনারা পাহারায় থাকবেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফল ঘোষণার আগ পর্যন্ত তারা কেন্দ্রগুলো ঘিরে রাখবেন, যাতে বাইরের কেউ ভেতরে ঢুকতে না পারে এবং অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে এবং ভোটের এক সপ্তাহ আগে থেকেই কোনো বহিরাগতকে আবাসিক হলে থাকার অনুমতি দেওয়া হবে না।
অন্যদিকে আজ থেকেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের জন্য প্রচার-প্রচারণার নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন