জাতীয়
ছবি: সংগৃহীত

বিমানের টিকিট দুর্বৃত্তায়ন রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে: শেখ বশিরউদ্দীন।

নিজেস্ব প্রতিবেদক:

বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিশ্চিত করেছেন, বিমান টিকিটের দাম ও বিক্রিতে দুর্বৃত্তায়ন বন্ধ করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, টিকিট সংক্রান্ত নৈরাজ্য সামগ্রিকভাবে প্রতিহত করতে কাজ চলছে। ট্রাভেল এজেন্সি, সংস্থা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তিনি বলেন, “প্রত্যেক টিকিটের ওপর স্পষ্টভাবে দাম, তারিখ ও যাত্রীর নাম থাকতে হবে।”

তিনি উল্লেখ করেন, টিকিট দুর্বৃত্তায়নের মাধ্যমে দীর্ঘদিনে হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এজন্য শুধুমাত্র জরিমানা দিয়ে নয়, গোড়া থেকে সমাধান করতে চাইছেন।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, নিবন্ধিত ট্রাভেল এজেন্টের সংখ্যা প্রায় ৫ হাজার হলেও অনিবন্ধিত এজেন্ট  ও সাধারণ দোকানদারের মাধ্যমে ২০ হাজারের মতো বিক্রেতা টিকিট বিক্রি করছে। “এই সবার মধ্যে  শৃঙ্খলা আনা জরুরি। প্রয়োজনে লাইসেন্স বাতিল বা কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, তিনি জানান, বিমানবন্দর ব্যবস্থাপনায় আরও আধুনিক ও কার্যকরভাবে কাজ করতে প্রয়োজনে ওপেন টেন্ডারের মাধ্যমে থার্ড টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানি নিয়োগ দেওয়া হতে পারে।


মতামত দিন