জাতীয়
ছবি: সংগৃহীত

তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারকে ‘ভুয়া মামলা’ বললেন: রাশেদ খান।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার যাত্রাবাড়ী থানার আলোচিত আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সোমবার (২৫ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে রাশেদ খান লিখেন, “এটা নিছক একটি ভুয়া মামলা। তেলবাজির জন্য গ্রেপ্তার করলে কথা ছিল, কিন্তু হত্যা মামলায় কেন তাকে  গ্রেপ্তার করতে হবে? তরুণদের সামনে তৌহিদ আফ্রিদির মতো তেলবাজরা কোনোভাবেই আইডল হতে পারে না—এ কথা আমি বরাবরই বলেছি। তবে ভুয়া মামলায় গ্রেপ্তার আইনের শাসনের পথে বড় অন্তরায়।”

তিনি আরও অভিযোগ করেন, সরাসরি আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি ও মন্ত্রীরা যেসব অপরাধে জড়িত, তার দায় এড়িয়ে যাচ্ছেন। অথচ আফ্রিদির মতো ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে। রাশেদ খানের দাবি, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এসব বিতর্কিত ব্যক্তিকে নিরাপত্তা ও জামিন সুবিধা পর্যন্ত দেওয়া হচ্ছে।

অন্যদিকে একই দিন দুপুরে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

এর আগে রোববার রাতে বরিশাল থেকে আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। আর এই মামলায় এরই মধ্যে তার বাবা—বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও আটক করা হয়েছে। গত ১৭ আগস্ট গুলশান থেকে গ্রেপ্তারের পর তাকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে যাত্রাবাড়ীর পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। পরে নিহতের বাবা জয়নাল আবেদীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই  এজাহারে নাসির উদ্দিনকে ২২ এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।


মতামত দিন