জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে সড়কের মাঝখানে গাছ রেখেই সিসি ঢালাই।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাটে হাদারপার থেকে দমদমিয়া পর্যন্ত সড়কে তিনটি বড় গাছ রেখে সিসি ঢালাই করা হয়েছে, যা স্থানীয়রা দুর্ঘটনার ঝুঁকি হিসেবে দেখছেন। এলাকাবাসী দ্রুত গাছগুলো সরানোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ভোলাগঞ্জ আরএইচডি দয়ারবাজার ভাটরাই হাদারপার জিসি সড়কের হাদারপার টু দমদমিয়া পর্যন্ত ৭টি কালভার্ট নির্মাণ ও ৬.৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ চলছিল। কাজের চুক্তি মূল্য ২৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৩৮১ টাকা। নির্মাণ দায়িত্বে রয়েছেন রবিউল হাসান।

কাজের এক পর্যায়ে দমদমিয়া লামার বাড়ি সংলগ্ন সড়কের ৫-৬ ফুট জায়গায় তিনটি বড় রেন্টি কড়ই গাছ রেখে সিসি ঢালাই সম্পন্ন হয়েছে। এতে সড়ক সরু হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন বলেন, “মাঝখানে গাছ রেখে ঢালাই করা হয়েছে, যা পথচারী ও যানবাহনের জন্য বিপজ্জনক। কর্তৃপক্ষকে দ্রুত গাছগুলো সরিয়ে সড়ক ঠিক করার ব্যবস্থা নেওয়া উচিত।”

স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন জানান, পাশের ২০-২৫টি গাছের শিকড় কেটে বা অর্ধেক রেখে আরসিসি ঢালাই করা হয়েছে। বৈরী আবহাওয়া বা ঝড়ের সময় এই গাছগুলো ভেঙে দুর্ঘটনার কারণ হতে পারে।

ঠিকাদার রবিউল হাসান বলেন, “সিসি ঢালাই মিস্ত্রিদের ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। কাজের স্বার্থে গাছ কাটার চেষ্টা করেছি। ইউএনও ও পরিবেশ দপ্তর যদি দ্রুত পদক্ষেপ নেন, তবে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে।”

উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ বলেন,  ফরেস্ট অফিস তো আমার কথা শুনবে না। ইউএনও স্যারকে বলেছি তিনি চিঠিও দেননি। এমনকি পদক্ষেপ নেননি। তা ছাড়া ওই জায়গার আগে এবং পরে আরসিসি ঢালাই হয়েছে। শুধু এই জায়গাটায় সিসি করা হয়েছে, আরসিসি এখন হবে না। এখনো এ অবস্থায় গাছ কাটা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, বিষয়টি নজরে এসেছে। এলজিইডির সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন