সুনামগঞ্জ সীমান্তে পাথর ও বালু লুট ঠেকাতে বিশেষ অভিযান চালাচ্ছে বিজিবি।
সাদা পাথর এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া লুটপাটের ঘটনার পর সতর্ক অবস্থায় রয়েছে সুনামগঞ্জের বিজিবি। রোববার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সীমান্তে বালু ও পাথর চোরাচালান ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, “৯০ কিলোমিটার সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, পণ্য চোরাচালান ও প্রাকৃতিক সম্পদ লুট প্রতিরোধ করা হবে।”
তাহিরপুরের যাদুকাটা নদী,সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদী এবং দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বালু ও পাথরের এলাকা বিশেষ নজরদারির আওতায় রয়েছে। পর্যটনকেন্দ্রগুলোও নিরাপদ রাখতে বিজিবি তৎপর।
বিজিবি জানিয়েছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অভিযানে প্রায় ৪৬ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ও চোরাচালান পথে আনা গরু আটক করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ২০০-৩০০ গজ এলাকায় নিয়মিত টহল চলছে।
অধিনায়ক উল্লেখ করেছেন, “প্রতিদিন মাত্র ২০ জন সদস্য ৫-৭ কিলোমিটার এলাকা টহল দিচ্ছেন। সীমিত জনবল সত্ত্বেও তারা সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতায় দায়িত্ব পালন করছেন।”
বিজিবি জানিয়েছে, এখনো পর্যন্ত সুনামগঞ্জ সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগেভাগেই সতর্কতা নেওয়া হচ্ছে।

মতামত দিন