৩৫ বছর পর চাকসু নির্বাচনের তফসিল প্রকাশের অপেক্ষা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বাকি কাজও কয়েক দিনের মধ্যে সম্পন্ন হবে। এরপর আচরণবিধি প্রকাশ ও কমিশনের কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনের কার্যালয় চাকসু ভবনের দ্বিতীয় তলায় বসানো হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরির কাজও শেষের পথে। সপ্তাহের শেষদিকে সমন্বয় সভা শেষে তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের ৩৪ বছরের দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন বাস্তবায়নে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। সদস্য সচিব করা হয়েছে অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীকে। তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বে থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছর পর, ১৯৭০ সালে প্রথমবারের মতো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নিয়মিতভাবে প্রতিবছর হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার ভোট আয়োজন সম্ভব হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর দ্বন্দ্ব, সংঘর্ষ এবং উপযুক্ত পরিবেশের অভাবে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

মতামত দিন