জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে দাফনের ১৫ দিন পর কিশোর জীবিত ফিরে এল।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের ওসমানীনগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যাকে পরিবার দাফন করেছিল হত্যার শিকার ভেবে, সেই কিশোর রবিউল ইসলাম হঠাৎই জীবিত ফিরে এসেছে।

শুক্রবার (২২ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে থানায় হাজির হয় সে।

ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে রবিউল একটি স্থানীয় রেস্তোরাঁয় কাজ করত। গত ২৬ জুলাই নিখোঁজ হওয়ার পর তার খোঁজ মেলেনি। পরে ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ায় রেলস্টেশনের পাশে একটি ডোবা থেকে এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশকে রবিউলের বলে শনাক্ত করে পরিবার। এমনকি তাকে হত্যার অভিযোগ তুলে মামলাও করেন রবিউলের মা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ৬ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন। পরিবার সরাসরি বগুড়া রেস্টুরেন্টের মালিক বুলবুল মিয়াকে হত্যার জন্য দায়ী করেছিল।

তবে ১৫ দিন পর জীবিত রবিউল নিজে থানায় এসে হাজির হওয়ায় পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, কিশোরটি এতদিন আত্মগোপনে ছিল। পরিবারের পক্ষ থেকে খবর পাওয়ার পর পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আগের উদ্ধার হওয়া লাশ ও দায়ের হওয়া মামলার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন