জাতীয়
ছবি: সংগৃহীত

হাতিয়ায় মেঘনায় ধরা পড়ল দু’টি বিশাল ‘রানি ইলিশ’, নিলামে দাম সাড়ে ১১ হাজার।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জালে ধরা পড়েছে বড় আকৃতির দু’টি রানি ইলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে মাছ দু’টি তোলা হলে নিলামে ১১ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী কদর ভাণ্ডারি

আড়ত সূত্রে জানানো হয়, মোট ওজন প্রায় ৫ কেজি

জেলে মো. বাহার উদ্দিন (রামগতি, লক্ষ্মীপুর) জানান, ভোররাতে জাল ফেলেছিলেন। কয়েক ঘণ্টা পর জাল তুলতেই নানা আকারের ইলিশের সঙ্গে বড় দু’টি রানি ইলিশ মেলে। ভালো দাম নিশ্চিত করতে সেগুলো চেয়ারম্যান ঘাটে এনে নিলামে তোলা হয়। তার ভাষায়, “পোয়া আর ইলিশ—দুটোই পেয়েছি। বিশেষ করে এই রানি ইলিশ দু’টোর দামে খুশি।”

ক্রেতা কদর ভাণ্ডারি বলেন, “প্রায় ৫ কেজি ওজনের জোড়াটা সাড়ে ১১ হাজার টাকায় নিয়েছি। ঢাকায় ক্রেতা ঠিক আছে—পাঠিয়ে দেবো। এ মৌসুমে এমন বড় ইলিশ খুব একটা আসেনি, ভালো দামে বিক্রি হবে আশা করি।”

চেয়ারম্যান ঘাটের ‘আল্লার দান’ মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. আকবর জানান, সাগর উত্তাল থাকায় বহু জেলে নৌকা নিয়ে তীরে অপেক্ষা করছেন। ফলে সরবরাহ কম, বাজারে টান পড়েছে—অনেকে ঋণের চাপে। “মাছ উঠলেই সবার মুখে হাসি ফুটে,” বলেন তিনি।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান জানান, নিয়মিত বড় আকারের মাছ আসছে এবং ভালো দামও মিলছে। সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষণমূলক নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলেই নদীতে বড় মাছের সংখ্যা বেড়েছে বলে তাঁর ধারণা। “আগামী দিনে বড় মাছ আরও বেশি ধরা পড়বে—জেলে ও বাজার—দু’দিকেই ইতিবাচক প্রভাব পড়বে,” আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন