জাতীয়
ছবি: সংগৃহীত

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জুলাইয়ের বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাসনিয়া মৃত্যুবরণ করেন।

ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, ২১ জুলাই দুর্ঘটনার সময় তাসনিয়া  ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিলেন। সে ওইদিনই জাতীয় বার্নে ভর্তি করা হয়েছিল। শনিবার সকাল আটটার দিকে আইসিইউ-র ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এতে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০ জনে পৌঁছেছে। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন, এবং ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নিহত তাসনিয়ার বাবা মো. নাজমুল জানিয়েছেন, তার মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের পরিবারের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়।

উল্লেখ্য, ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীসহ অনেকে আহত হন। দুর্ঘটনার ফলে ৩৭ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে অধিকাংশ শিশু। এখনো অনেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে কারো অবস্থা শঙ্কামুক্ত নয়।

মতামত দিন