জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেটে সংঘর্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট)  দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়ায়।

এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এর আগেও এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির রমনার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম পরিস্থিতির স্থায়ী সমাধান চেয়েছেন।

মাসুদ আলম বলেন, ‘এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলব এবং মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। যখন তারা মুখোমুখি অবস্থান নেয়, তখন যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা স্থায়ী সমাধান চাই।’

তিনি আরও জানান, ‘আজকের সংঘর্ষের পর পুলিশ দুই পক্ষের মধ্যে অবস্থান নিয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

সংঘর্ষের কারণ ব্যাখ্যা করে ডিসি বলেন, ‘প্রায় তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়েছিল। পরদিনও উত্তেজনা তৈরি হয়েছিল, যদিও তা পরে মীমাংসা হয়। আমরা ভেবেছিলাম বিষয়টি এখানেই শেষ হবে, কিন্তু আজ আবার সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কারণ জানা যাবে।’

আহত শিক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মতামত দিন