৭১ শিক্ষককে আগামী ৫ বছরের জন্য পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে বাদ দিলো ঢাকা শিক্ষা বোর্ড।
চলতি বছরের (২০২৫) এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ঢাকা শিক্ষাবোর্ড ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে। বোর্ডের নিয়ন্ত্রণাধীন আগামী ৫ বছরের কোনো পাবলিক পরীক্ষায় তারা প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব নিতে পারবে না।
বুধবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উত্তরপত্র মূল্যায়নে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় একই ধরনের অবহেলা প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে।
বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে দ্রুত অবহিত করার নির্দেশ দিয়েছে।
সর্বাধিক শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে। এছাড়াও বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালো তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। বিশেষ উল্লেখযোগ্য প্রধান শিক্ষকরা হলেন:
-
টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের মো. ইসহাক আলী
-
রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের মো. আবদুল মান্নান
-
নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের শিশির কুমার বালা
-
মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের মো. মোস্তাক আহমেদ

মতামত দিন