গাজীপুরে বেতন বকেয়া নিয়ে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ।
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় পোশাক শ্রমিকরা বৃহস্পতিবার সকালে সড়কে নেমে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন।
সকাল সাড়ে ১১টার দিকে রোয়া ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলনে অংশ নেন। শ্রমিকদের অভিযোগ, গত ১২ আগস্ট বেতন দেয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ গত দুই মাসের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে ক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানা গেটে অবস্থান নেন, পরে মহাসড়কে নেমে আসেন।
অবরোধ চলাকালে তারা পাশের ইউরো জিন্স কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে বলেন। তবে ইউরো জিন্সের শ্রমিকরা রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বলেন, শ্রমিকরা মূলত বকেয়া বেতনের দাবিতেই বিক্ষোভ করেছে। পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে সড়ক ফাঁকা করে।
শিল্পাঞ্চল–২ এর পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, রোয়া ফ্যাশনস ও ইউরো জিন্স কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মতামত দিন