প্রবাসীরা পাসপোর্ট ছাড়াই ভোটার হতে পারবে।
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের জন্য ভোটার হওয়ার প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু করেছে। এখন থেকে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট না থাকলেও ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
আজ (২০ আগস্ট) ইসির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধনের মাধ্যমে এই সুযোগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এসওপি ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত।
নতুন বিধি অনুযায়ী, পাসপোর্ট না থাকলে প্রবাসী ভোটারকে বাংলাদেশি হিসেবে তিনজন এনআইডিধারীর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি ও ভোটার প্রমাণও দেওয়া যাবে। যদি প্রবাসী নিজে সরাসরি নথি জমা দিতে না পারেন, তবে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে তা রেজিস্ট্রেশন অফিসারে জমা দিতে পারবেন।
বর্তমানে ইসি নয়টি দেশে ১৬টি দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে। এই দেশগুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। ইতোমধ্যেই এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।

মতামত দিন