নোয়াখালীতে ৭ জন জামায়াত-শিবির কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলোচিত সাত জামায়াত-শিবির কর্মী হত্যা মামলায় বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক (৫৩) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পৌরসভার খাল ব্যাপারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মানিককে গোপন সংবাদের ভিত্তিতে ধরা হয়। বুধবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বসুরহাট পৌরসভার উপজেলা গেট এলাকায় সংঘর্ষে জামায়াত- শিবিরের সাত কর্মী নিহত হন। ওই ঘটনায় নিহত কর্মী সাইফুল ইসলামের ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু হয়।
গত বছরের সেপ্টেম্বরে এই ঘটনায় সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কয়েকজন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা হয়।
মতামত দিন