তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত তিস্তা গার্ডার সেতু উদ্বোধন আগামীকাল।
সেতুর দৈর্ঘ্য ১,৪৯০ মিটার, প্রস্থ ৯.৬ মিটার এবং এতে দুইটি লেন রয়েছে। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, এটি ‘মাওলানা ভাসানী সেতু’ নামে পরিচিত। উদ্বোধনের পর বিকেল থেকে সাধারণ মানুষ সেতু ব্যবহার করতে পারবেন।
প্রকল্পটি বাংলাদেশ সরকার, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। মোট ব্যয় ৯২৫ কোটি টাকা। ৩১টি স্প্যানসহ সংযোগ সড়ক ও নদী শাসনের কাজও অন্তর্ভুক্ত। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এলজিইডির তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করেছে।
উদ্বোধনের আগেই দুই জেলার মানুষ সেতু দেখতে ভিড় জমাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেতু চালু হলে যাতায়াত সহজ হবে, শিল্প ও কৃষিজাত পণ্যের পরিবহন দ্রুত হবে এবং ছোট ও মাঝারি কলকারখানার উন্নয়ন সম্ভব হবে।
স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করছেন। হরিপুর গ্রামের আনোয়ার মিয়া বলেন, “নৌকা চালানোর ঝামেলা শেষ হবে, যোগাযোগ সহজ হবে।” সোহান মিয়া জানান, “দীর্ঘ প্রতীক্ষার পর সেতুটি দেখার আনন্দ আলাদা।”
সেতুর কাজ ২০১৪ সালে শুরু হলেও নানা কারণে বিলম্ব হয়েছিল। ২০২১ সালে পুনরায় কাজ শুরু হয়ে মূল সেতু সম্পন্ন হয়েছে। শুধুমাত্র আর্চ ব্রিজ ও কিছু সংযোগ সড়ক বাকী রয়েছে, যা দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন