সচিবালয়ের সামনে শহীদ পরিবার–আহতদের অবস্থান, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা।
সকাল সোয়া ১১টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন।
শহীদ পরিবার ও আহতরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিদের জামিন দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, এ ধরনের পরিস্থিতির দায় এড়িয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়িত্বে থাকতে পারেন না। পাশাপাশি সংশ্লিষ্ট বিচারকদের অপসারণের দাবিও জানান তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন—‘পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি।
এর আগে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। শহীদ পরিবার ও আহতদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ ও অশ্রাব্য গালাগাল করেছে। তবে তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।
শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, “এক বছর ধরে বিচারের জন্য ঘুরছি। কিন্তু আইন মন্ত্রণালয়ের কাছে আশ্রয় নিয়েও আমরা প্রতারণার শিকার হয়েছি।”
জুলাই আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আবার রাস্তায় নামলে এর পরিণতি ভালো হবে না। কাউকে ভয় পাই না, সরকার এটা মনে রাখুক।”
শহীদ হাসান আলভীর বাবা আবুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাজারো শহীদের রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় এসেছে। অথচ এক বছর পরও ন্যায়বিচার পেতে রাস্তায় নামতে হচ্ছে। আইন উপদেষ্টা বারবার আশ্বাস দিয়ে আমাদের ফিরিয়ে দিয়েছেন।”
অভিযোগ প্রসঙ্গে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, আন্দোলনকারীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। পুলিশের হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এমন কিছু হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন