জাতীয়
ছবি: সংগৃহীত

পদ্মার পানি বেড়ে ফরিদপুরের সদরপুরে শতাধিক গ্রাম প্লাবিত।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সদরপুরে হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি পেয়ে দুই ইউনিয়নের অন্তত বারোশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদীতীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে, বিশেষ করে কৃষকেরা পড়েছেন বড় ধরনের ক্ষতির আশঙ্কায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের প্রায় ১১০০ পরিবার ও আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের আরও অর্ধশত পরিবারের বাড়িঘর ও আঙিনা তলিয়ে গেছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমির ফসল আগেভাগেই ঘরে তুলতে বাধ্য হচ্ছেন অনেকেই।

দিয়ারা নারিকেলবাড়িয়ার বাসিন্দা আব্দুল হালিম জানান, রাস্তাঘাট, স্কুলঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  পানি ঢুকে পড়েছে। গবাদিপশু নিয়েও তারা মারাত্মক সমস্যায় রয়েছেন। কৃষকেরা বলছেন, ধান, পাট ও সবজি পানির নিচে তলিয়ে যাওয়ায় তাদের দীর্ঘ পরিশ্রম ভেসে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার বলেন, তাঁর এলাকার অন্তত ৩০টি গ্রামের মধ্যে বহু নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। দুই-এক দিনের মধ্যে আরও এলাকা পানির নিচে চলে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সদরপুর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক দিনে এর মাত্রা আরও বাড়তে পারে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানিয়েছেন, বন্যা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। নদীপাড়ের জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে, প্রয়োজনে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম হাতে নেওয়া হবে।

মতামত দিন