জাতীয়
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে অসুস্থ শিক্ষার্থীরা।

নিজেস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করার দাবিতে আমরণ অনশনে বসে থাকায় আরও দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এতে মোট অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।

রোববার রাত ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদুল ইসলাম মাহিদ অসুস্থ হয়ে পড়েন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুম্মানুল ইসলাম রাজও অসুস্থ হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও অনশনরত শিক্ষার্থীরা রাজি হননি। পরে অনশনস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়।

সোমবার সকালে গণিত বিভাগের আরমান হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নয়ন মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে জাহিদ হাসান জয় ও মাহিদুল ইসলামকে অবনতি লক্ষ্য করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উপাচার্য ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক শিক্ষার্থীদের খোঁজ নিতে উপস্থিত হন। তারা অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি চালানোর অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনশনে অনড় থাকার সংকল্প ব্যক্ত করেন।

শিক্ষার্থী আরমান হোসেন বলেন, “আজই বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করার জন্য আমরা ফলপ্রসূ আলোচনার আশা করছি। তা না হলে অনশন চালিয়ে যাব।” অনশনকারী আশিকুর রহমান আরও বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে বসতে হচ্ছে, এটি খুবই লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ে যারা অবহেলার কারণে নির্বাচন আটকে রেখেছেন, তাদের দায়িত্ব নেওয়া উচিত।”

উপাচার্য ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ‘ল’ কমিটির মিটিংয়ের তারিখ শিগগিরই জানানো হবে।

মতামত দিন