জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

ফেনীর মহিপালে কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার (১৮ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।
এর ফলে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ের মাঠে অবস্থান করেন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা আক্তার শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং জানান, লিখিত অভিযোগ জমা দিলে আগামী সাত দিনের মধ্যে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তদন্ত চলাকালে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠিয়ে বিকল্প একজন শিক্ষক দায়িত্বে নিযুক্ত করা হবে।

শিক্ষার্থীদের অভিযোগে বলা হয়েছে, শিক্ষাবর্ষের মাঝপথে হঠাৎ রুটিন পরিবর্তন করা হচ্ছে, শিক্ষকদের অনুপস্থিতিতে ক্লাস চালু হচ্ছে না, এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। তারা উল্লেখ করেন, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ১০-১৫ হাজার টাকা নেওয়া হয় এবং সার্টিফিকেট বাণিজ্যও হচ্ছে। বিদ্যালয়ের বিভিন্ন সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে।

প্রধান শিক্ষক একেএম জহির উদ্দিন কচি অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষক নিয়োগ এনটিআরসি নির্দেশিত এবং শিক্ষার্থীদের আন্দোলন মূলত শিক্ষকের পরিবর্তন নিয়ে। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন