জাতীয়
ছবি: সংগৃহীত

মৎস্য সম্পদ রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। শুধু মাছ ধরা নয়, প্রকৃতির প্রতি সদয় মনোভাব গড়ে তুলতে না পারলে এ সম্পদ দীর্ঘমেয়াদে টিকবে না বলেও সতর্ক করেন তিনি।

সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, চাষের মাছ এখন দেশের প্রধান আমিষের উৎস হয়ে উঠেছে। অনেক তরুণ উদ্যোক্তা এ খাতে যোগ দিচ্ছেন। তবে ইলিশ এখনও সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। নিষেধাজ্ঞা মেনে চললে প্রজনন বাড়বে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

ইউনূসের ভাষায়, “মাছ আল্লাহর দেওয়া প্রকৃতির অনন্য উপহার। অথচ আমরা নদী-খাল দূষণ আর বর্জ্যে ভরিয়ে তুলছি। নদী শাসনের আলোচনা করি, কিন্তু নদী লালনের কথা বলি না। এভাবে চলতে থাকলে মাছ হয়তো আমাদের নাগালের বাইরে চলে যাবে।”

তিনি আরও জানান, দেশীয় মৎস্যশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা ও বন্ধুপ্রতীম দেশের সহায়তা কাজে লাগানো জরুরি। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে পরিবেশগত ঝুঁকি কমাতে সুরক্ষা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জনকে পদক প্রদান করা হয়।

মতামত দিন