জাতীয়
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

নিজেস্ব প্রতিবেদক:

চিকিৎসকদের নিয়ে নিজের মন্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তার সমালোচনা সব চিকিৎসকের বিরুদ্ধে নয়, বরং একশ্রেণির চিকিৎসকের প্রতি নির্দেশিত।

রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, শনিবার এক অনুষ্ঠানে প্রথমে রোগী হিসেবে তার ইতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। এরপর অন্যদের অভিজ্ঞতার আলোকে কিছু অভিযোগ তুলে ধরেন। তবে সেই অভিযোগগুলো তিনি সব চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য করেছেন—এমনটি দাবি করা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, সংবাদমাধ্যমে তার বক্তব্য আংশিকভাবে প্রকাশিত হওয়ায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এতে মনে হতে পারে, তিনি ঢালাওভাবে সব ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তিনি স্পষ্ট করেন, “আমার বক্তব্য ছিল কিছু চিকিৎসকের ব্যাপারে, যারা রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন না, অতিরিক্ত পরীক্ষা করান বা ওষুধ কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন—এসব অভিযোগ সবার ক্ষেত্রে নয়।”

এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, দেশের বিপুল সংখ্যক চিকিৎসক সততা, দক্ষতা এবং ত্যাগের সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমে তার বক্তব্য যেভাবে এসেছে, তাতে অনেক ভালো চিকিৎসক কষ্ট পেতে পারেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, অল্প কিছু চিকিৎসকের ক্ষেত্রে এসব অভিযোগ সত্য হতে পারে। তাই এসব বিষয়ে পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মতামত দিন