‘দেখামাত্র গুলির নির্দেশ’ ফাঁস হওয়া বার্তার সূত্রে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার।
চট্টগ্রামে পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকির মাধ্যমে দেওয়া নির্দেশ ফাঁসের ঘটনায় পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে খুলশী থানা পুলিশ টেলিকম ইউনিটের কনস্টেবল অমি দাশকে আটক করে। তিনি চট্টগ্রামের পটিয়ার রাজিব দাশের ছেলে এবং বর্তমানে খুলশী থানায় কর্মরত ছিলেন।
সিএমপি সূত্র জানায়, কয়েক দিন আগে কমিশনারের একটি ওয়ারলেস বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বার্তায় অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন তিনি। গোপন বার্তা বাইরে চলে যাওয়ায় পুলিশ প্রশাসনে অস্বস্তি দেখা দিয়েছে।
এর আগে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। এর পরই কমিশনার ওয়ারলেস বার্তায় কঠোর নির্দেশ দেন। ওই মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
অভিযোগ উঠেছে, সিএমপির অভ্যন্তর থেকেই বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়েছে। কমিশনারের ওপর ক্ষোভের কারণে এমন কাজ হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
সূত্রগুলো বলছে, ভিডিওটি কোনো ভবনের ভেতর থেকে রেকর্ড করা হয়েছে। ৩ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে একজনকে ওয়াকিটকি হাতে দেখা যায়। টাইলস বসানো ফ্লোরও ফুটেজে ধরা পড়েছে। এ সূত্র ধরে তদন্তকারীরা বার্তাটি রেকর্ডকারীকে শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
ঘটনা নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য না করলেও সিএমপি কর্মকর্তারা স্বীকার করছেন, এভাবে সংবেদনশীল তথ্য বাইরে চলে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষায় ঝুঁকি তৈরি করছে।

মতামত দিন