চিকিৎসক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করায় ড. আসিফ নজরুলের বক্তব্যের নিন্দা।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, আইনজ্ঞ ড. আসিফ নজরুলের সম্প্রতি চিকিৎসক সমাজকে ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দেওয়া ও পেশার সততা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক এবং সম্মানহানিকর। তিনি রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
ডা. রফিকুল বলেন, দেশের চিকিৎসকরা সীমাহীন শ্রম ও ত্যাগের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা করছেন। করোনাভাইরাস মহামারির সময় জীবন বাজি রেখে তারা দেশের মানুষের সেবা দিয়েছেন। এমন প্রেক্ষাপটে চিকিৎসক সমাজকে সমালোচনার মাধ্যমে আঘাত করা জনমনে নেতিবাচক বার্তা সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের পেশাগত দুর্বলতা থাকলে তা নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু ‘দালাল’ আখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডা. রফিকুল আশঙ্কা প্রকাশ করেছেন, ড. আসিফ নজরুলের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি ভুল ধারণা তৈরি করতে পারে।
বিবৃতিতে তিনি দাবি করেছেন, অনুষ্ঠানের অন্য চিকিৎসক অতিথিরাও অবিলম্বে এ ধরনের অসৌজন্যমূলক মন্তব্যের প্রতিবাদ করা উচিত ছিল। পাশাপাশি ড. আসিফ নজরুলের বক্তব্যের অসৌজন্যমূলক অংশ প্রত্যাহার করে চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন