রাজশাহীতে জুয়া ও ঋণের চাপের কারনে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু।
রাজশাহীতে জুয়া ও ঋণের চাপ থেকে বের হওয়ার পথ না পেয়ে এক ব্যক্তি তার পরিবারসহ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে পবা উপজেলার বামুনশিকড় এলাকায় মিনারুল ইসলাম (৩০) নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, প্রথমে স্ত্রী ও মেয়েকে, পরে ছেলেকে শ্বাসরোধে হত্যা করার পর মিনারুল আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে ঋণ ও আর্থিক সংকটকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মিনারুল দুই বছর আগে জুয়ার কারণে বিপুল ঋণে জড়িয়ে পড়েছিলেন। মাসে প্রায় ১১ হাজার টাকা ঋণ শোধের বোঝা কৃষিকাজের মাধ্যমে বহন করা সম্ভব হচ্ছিল না। বাবার কাছ থেকে আংশিক সাহায্য পেলেও পুরো ঋণ শোধ হয়নি। তার পরিবারের সঙ্গে সম্পর্কও সীমিত ছিল, যদিও সন্তানদের সঙ্গে দাদা-দাদির ভালো সম্পর্ক ছিল।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। তবে তদন্তে আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পিবিআই, সিআইডি ও র্যাবও ছায়া তদন্ত শুরু করেছে।
মতামত দিন