জাতীয়
ছবি: সংগৃহীত

বৈধ নির্বাচন ছাড়া কোনো অর্থ নেই: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনসঙ্গত ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্রের  কোনো অর্থ নেই। তাই একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব।

তিনি সতর্ক করে বলেন, গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারও পুরোনো সংকট ফিরে আসতে পারে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব মন্তব্য করেন ড. ইউনূস। তিনি জানান, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর নির্ধারিত লক্ষ্যের প্রায় সবগুলোতেই তিনি পৌঁছে গেছেন। ভোটের পর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা তার নেই বলেও স্পষ্ট করেন।

ইউনূস বলেন, "আমরা প্রায় লক্ষ্যপূরণের দ্বারপ্রান্তে। রাজনৈতিক ব্যবস্থায় যে ধরনের দুর্নীতি, অপব্যবহার  ও স্বার্থান্বেষী কার্যকলাপ ছিল, তা কাটাতে ব্যাপক সংস্কার জরুরি।" তিনি আরও যোগ করেন, "যে নির্বাচন বৈধ নয়, তার কোনো মূল্য নেই। আমার কাজ হলো এমন একটি নির্বাচন আয়োজন করা, যা সবার কাছে গ্রহণযোগ্য ও আনন্দদায়ক হবে।"

তিনি জানান, গণ-অভ্যুত্থানের সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা তিনটি মূল বিষয়ের ওপর দাঁড়ানো—সংস্কার, বিচার ও নির্বাচন।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত হওয়ার পর আগস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। অনুপস্থিত অবস্থায় তার বিচার শুরু হয় এবং বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। বাংলাদেশ তাকে ফেরত চাইলেও ভারত সাড়া দেয়নি। ইউনূসের দাবি, ভারতকে অনুরোধ করা হয়েছে যাতে হাসিনা দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পান।

বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক আছে, আর ভারত সঙ্গেও তা বজায় রাখতে চান। একইসঙ্গে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল (সেভেন সিস্টার্স)কে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আওতায় আনার সম্ভাবনার কথা জানান।

দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি বলেন, শুরুতে রাজি ছিলেন না, তবে ছাত্রনেতাদের আহ্বান ও জনগণের ত্যাগ তাকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে। নির্বাচন শেষেই রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে জানান তিনি।

শেষে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বাংলাদেশ আর পথভ্রষ্ট হবে না এবং তরুণ প্রজন্ম ভোটের মাধ্যমে তাদের স্বপ্ন ব্যালট বাক্সে তুলে ধরবে। তিনি চান, একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক।

মতামত দিন