চট্টগ্রামে পুলিশকে ‘অস্ত্র বের করলে গুলি করার’ নির্দেশ দিলেন সিএমপি কমিশনার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার রাতে সব পুলিশ সদস্যদের উদ্দেশে নির্দেশ দিয়েছেন, পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে গুলি করা হবে। এটি তিনি এক ওয়্যারলেস বার্তায় জানান।
জানা যায়, চট্টগ্রামের ঈশান মিস্ত্রির ঘাটে দুর্বৃত্তদের হামলায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হন। সে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে কমিশনার সিএমপির সকল সদস্যদের উদ্দেশে এই মৌখিক নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, হামলার সময় এসআই রানার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও তা ব্যবহার করেননি। পুলিশের অধিকাংশ সদস্যও সাধারণত গুলি ব্যবহার করতে চান না, কারণ এতে কারও মৃত্যু হলে আইনগত জটিলতার মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে কমিশনার পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন।
সিএমপি কমিশনার সব দলের (মোবাইল, পেট্রোল, ডিবি, চেকপোস্ট) সদস্যদের ২০২৪ সালের ৫ আগস্টের আগের অস্ত্র ও গুলির প্রাধিকার অনুযায়ী ডিউটিতে বের হওয়ার নির্দেশও দেন। তিনি বলেন, শুধুমাত্র রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই বাস্তব পরিস্থিতিতে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাণরক্ষার্থে আসল গুলি ব্যবহার করতে হবে।
কমিশনার আরও বলেন, পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র বের করলে তাৎক্ষণিকভাবে গুলি করা হবে। আইন অনুযায়ী (দণ্ডবিধির ৯৬–১০৬ ধারা), পুলিশ অফিসারদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আক্রমণ হওয়ার আগেই, অস্ত্র বের হওয়ার মুহূর্তে গুলি করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, গুলি হবে মাথা, বুকে বা পিঠে—প্রয়োজনীয় সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
মতামত দিন