জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ৭ কলেজের পৃথকীকরণ প্রক্রিয়া সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি সাত কলেজের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক তত্ত্বাবধানের অধ্যায় শেষ হয়েছে। এসব দায়িত্বসহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার  ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ঢাবি উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াসের কাছে নথিপত্র হস্তান্তর করেন।

এই প্রক্রিয়ার মাধ্যমে সাত কলেজের ঢাবি অধিভুক্তি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। এখন থেকে কলেজগুলো স্বাধীনভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাবি উপাচার্যের সঙ্গে এক জরুরি বৈঠকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মতামত দিন