জাতীয়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর, চরাঞ্চল প্লাবিত।

নিজেস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় দুধকুমার নদীর  পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা, দুধকুমার, ধরলা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

দুধকুমার নদীর পানি বেড়ে নদী অববাহিকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলের কৃষি জমিও পানিতে তলিয়ে গেছে।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দারা জানিয়েছেন, এই হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুই-তিন দিনের মধ্যে পুরো চরাঞ্চল ডুবে যেতে পারে। স্থানীয়রা বন্যা ও নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুর এলাকার শামসুল হক বলেন, পুরো চরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। রোপা আমন ধানের ক্ষেতেও পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে চলাচলে সমস্যাও দেখা দিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান জানান, উজান থেকে নেমে আসা ঢল  ও জেলার ওপর বৃষ্টিপাতের কারণে সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিনি স্থানীয়দের সতর্ক থাকতে এবং  বন্যার সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।

এছাড়া, জেলা প্রশাসন আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ছয়টি উপজেলায় কন্ট্রোল রুম খোলা রেখেছে। এসব উপজেলায় রয়েছে— ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর। কন্ট্রোল রুমগুলো বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

মতামত দিন