সাদা পাথরে দুদকের অভিযান:১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১২ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। একই রাতে সিলেট-ভোলাগঞ্জ সড়কে সিলেট ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে আরেকটি অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, সাদা পাথর চুরি ও লুটের ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান চলবে।
এ সময় কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন রোধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে অভিযান এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
এর আগে, বুধবার দুপুরে জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয়। এতে প্রায় ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয় এবং ১৩০ ফুট বালু জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব। তিনি জানান, অবৈধ উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন