জাতীয়
ছবি: সংগৃহীত

‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে। খসড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দোষী ব্যক্তিকে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড বা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার প্রস্তাব রাখা হয়েছে। খসড়া অনুমোদনের আগে অংশীজনের মতামত নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

মূল বৈশিষ্ট্যসমূহ:

  • পেশাদার সাংবাদিকের বাসায় বল প্রয়োগ করে অবৈধ প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ করা যাবে না।

  • সরকারি কর্মচারী বা আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিককে ভয়ভীতি বা জোরপূর্বক তথ্য প্রকাশে বাধ্য করতে পারবে না।

  • সাংবাদিকদের জীবন, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা ও সম্পত্তি সুরক্ষিত থাকবে।

  • উপযুক্ত কর্তৃপক্ষ ও সরকার সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

  • যৌন হয়রানি ও অন্যান্য প্রকার সহিংসতার বিরুদ্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

  • মিথ্যা অভিযোগের ক্ষেত্রে সাংবাদিককে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

অধ্যাদেশের খসড়া সংবিধানের অনুচ্ছেদ ৩২, ৩৯ ও ৪০-এর প্রাসঙ্গিক বিধানসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, যাতে সাংবাদিকরা নিরাপদ ও স্বাধীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

মতামত দিন