জাতীয়
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ৬ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার, ঢাকা-উত্তরাঞ্চল যোগাযোগ স্বাভাবিক।

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ছয় ঘণ্টার পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এর ফলে পুনরায় চালু হয়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ।


বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন। তবে তারা জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া স্টেশনে রেলপথ ব্লক করে বিক্ষোভ চালানো হয়েছে। বৃহস্পতিবার তারা যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় একযোগে রেল ও সড়কপথ অবরোধের পরিকল্পনা নিয়েছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন জানান, বিকেল ৩টা থেকে রেল চলাচল শুরু হলেও টানা ছয় ঘণ্টার অবরোধে শিডিউলে বিঘ্ন দেখা দিয়েছে। সকাল ৯টা থেকে অবরোধের কারণে আটটি ট্রেন আটকা পড়ে, যার মধ্যে রয়েছে চিত্রা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং ঢাকাগামী তেলবাহী ট্রেন।

মতামত দিন