সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের, দাবি না মানলে পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা অন্তর্বর্তী সরকারকে এক মাসের মধ্যে দাবি পূরণের জন্য আলটিমেটাম দিয়েছেন। দাবি পূরণে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশস্থলে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকদের জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বৈঠকে শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
দেলাওয়ার হোসেন জানান, এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি হবে। তাতেও ফল না হলে ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালানো হবে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার বিষয়ে মন্ত্রণালয় তাদের দাবির সঙ্গে আংশিক একমত পোষণ করেছে। মন্ত্রণালয় বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠাবে এবং চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার প্রস্তাব এসেছে। তবে শিক্ষকেরা বাড়িভাড়া বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন।
সচিবালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানান, এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি বিষয়ক ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মিজানুর রহমানকে, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাধ্যমিক-২ বিভাগের উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। অন্যান্য সদস্যরা মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিনিধি।
বৈঠকে শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধি এবং সর্বজনীন বদলির বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব দাবি যৌক্তিক এবং ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
মতামত দিন