স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ, আটকে ৮টি ট্রেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের দাবিতে বিক্ষোভে নেমেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এ রেল অবরোধ বিকেল পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ধরে চলছে, ফলে ঢাকা ও উত্তরবঙ্গমুখী রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন জানান, অবরোধের কারণে উভয় প্রান্তে আটটি ট্রেন দাঁড়িয়ে আছে—এর মধ্যে সাতটি যাত্রীবাহী এবং একটি তেলবাহী মালবাহী ট্রেন। আটকে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে চিত্রা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং একটি তেলবাহী ট্রেন। তিনি বলেন, এ অবস্থায় একাধিক ট্রেনের শিডিউল সম্পূর্ণভাবে এলোমেলো হয়ে পড়েছে।
অভিযোগ করে শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়নি। জানুয়ারি ও জুলাই মাসে তারা একই দাবিতে আন্দোলনে নামলেও সরকারি প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি। আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
মতামত দিন