ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রর সংখ্যা জানাল ইসি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র হতে পারে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ থাকবে এবং ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তা।
এ তথ্য মঙ্গলবার (১২ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অনুষ্ঠিত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভায় নিশ্চিত করা হয়।
সভায় জানানো হয়, আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জনে উন্নীত হতে পারে, যা দ্বাদশ সংসদ নির্বাচনের ১১ কোটি ৯৬ লাখের বেশি। নতুনভাবে অন্তর্ভুক্ত ভোটার ও ২ হাজার ৯৫০টি নতুন ভোটকেন্দ্র যুক্ত হওয়ার কারণে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ভোটকেন্দ্রগুলোতে ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। এর বাইরে ১০ শতাংশ অতিরিক্ত ও ৫ শতাংশ প্রশিক্ষিত কর্মকর্তাকে প্যানেলে রাখা হবে, ফলে মোট প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে প্রায় ৯ লাখ ৩১ হাজার।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যথাযথ প্রস্তুতি নিচ্ছে যাতে নির্বিঘ্ন ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।
মতামত দিন