রাজশাহীর পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি।
রাজশাহীর পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি ১৭.৪৫ মিটার পৌঁছেছে, যা বিপৎসীমা ১৮.০৫ মিটারের মাত্র ৬০ সেন্টিমিটার নিচে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জুলাই মাসের শুরু থেকে পদ্মার পানি প্রতিদিন গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত বাড়ছে। ২৪ জুলাই পানি ১৬.৩৫ মিটার থেকে কমে আবার ৩১ জুলাই থেকে পুনরায় বৃদ্ধি পাচ্ছে। ৭ থেকে ১১ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে পানি বেড়ে ১৭.৩৯ মিটার পর্যন্ত দাঁড়িয়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, পদ্মার পানি বাড়ায় চর এবং তীরবর্তী এলাকায় পানি উঠেছে। তবে এখনও বন্যার কোনো শঙ্কা নেই। নিরাপত্তার স্বার্থে রাজশাহীর টি-গ্রোয়েন এলাকায় জনসমাগম ও প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে এবং স্থানীয়দের সরে যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮.৭০ মিটার হয়েছিল। এরপর থেকে পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
মতামত দিন