কেবিনে অস্বাভাবিক তাপমাত্রার কারণে উড্ডয়নের ২০ মিনিট পর পুনরায় বিমানবন্দরে ফিরে আসে বিমান।
সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৬১৫ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ২০ মিনিট পর আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। ফ্লাইট পরিচালিত হচ্ছিলো ড্যাশ-৮ (এসটুএকেই) মডেলের উড়োজাহাজে।
বিমান সূত্রের বরাত দিয়ে জানা যায়, কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করেছিল এবং ২টা ৫৫ মিনিটে পুনরায় ঢাকা বিমানবন্দরে ফিরে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, যাত্রীদের নিরাপত্তার কারণে ফ্লাইটটি ফিরে এসেছে এবং তাদের জন্য পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
এর আগে গত রোববার (১০ আগস্ট) ইতালি থেকে ঢাকাগামী বিজি ৩৫৬ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছিলো। রোম থেকে ঢাকা যাওয়ার কথা ছিল ফ্লাইটটির, যা বর্তমানে বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

মতামত দিন