দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল স্বাভাবিক।
ডিপিপি অনুমোদনের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর রবিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মহাসড়কের দুই পাশেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর রুটসহ সব মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা জানান, ৮ বছর ধরে ভাড়া করা ভবনে দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প (ডিপিপি) অনুমোদন পাচ্ছে না।
বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত দফায় সংশোধন করে প্রকল্পের ব্যয় ৯ হাজার ২৩৪ কোটি টাকা থেকে কমিয়ে ৫১৯ কোটি ৫০ লাখ টাকা করা হলেও তা একনেক সভার এজেন্ডায় তোলা হয়নি। তারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে ডিপিপি অনুমোদন না হলে উত্তরবঙ্গের সড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়া হবে।
অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েন। অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনো তীব্র যানজট রয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

মতামত দিন