নরসিংদীতে পরিবহন মালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘটের প্রস্তুতি।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে শুরু করে নরসিংদীতে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ধর্মঘট সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়। এ উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, বর্তমান সরকারের সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ পরিবহন খাতের সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে আগামী ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে।
তিনি আরো বলেন, আইনের ৯৮ ও ১০৫ নম্বর ধারায় চালকদের জামিন বারণ এবং কঠোর শাস্তির বিধান রয়েছে, যা নাগরিক অধিকার লঙ্ঘন করছে। এই ধারাগুলো সংশোধন না হলে পরিবহন খাতে বড় ধরনের সংকট সৃষ্টি হবে।
৮ দফা দাবির মধ্যে পুরানো বাণিজ্যিক গাড়ির আয়ুষ্কাল বাড়ানো, দ্বিগুণ কর কমিয়ে আগের অবস্থা পুনরুদ্ধার, মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা, দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত মালিকের কাছে ফেরত দেওয়ার বিধান কার্যকর করা, মহাসড়কে আলাদা লেন করার ব্যবস্থা এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া দ্রুত করার দাবি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি নাজমুল হোসেন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক বাদল মিয়া, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

মতামত দিন