জাতীয়
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ভেঙে পড়ল কালভার্ট, চট্টগ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন একপাশের সড়ক।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর থাকা একটি পুরনো কালভার্ট টানা বর্ষণে ধসে পড়েছে। ফলে নগরীর গুরুত্বপূর্ণ একটি সড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে স্টারশিপ মোড় এলাকায় অবস্থিত কালভার্টটি ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে খালের পানির তোড় এতটাই ছিল যে, বহু পুরনো এই কাঠামো চাপ সহ্য করতে পারেনি।

কালভার্টটি মূলত দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত যাতায়াতে ব্যবহৃত হতো। এটি ভেঙে পড়ায় চার লেনের সড়কের এক পাশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের পাশাপাশি অফিসগামী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “কালভার্টটি পুনর্গঠনের পরিকল্পনা আমাদের আগেই ছিল। বর্ষা শেষে নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল। এর জন্য ৮ থেকে ৯ কোটি টাকা বরাদ্দের বিষয়টিও নির্ধারিত ছিল।”

এদিকে, কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বহু এলাকাজুড়ে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করেছে। রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর ও আগ্রাবাদ চকবাজারের রাস্তাঘাট, দোকান ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মতামত দিন