আবারও বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, মিয়ানমারের আকাশ থেকে ঢাকায় ফিরল ১৪৬ জন যাত্রী নিয়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মিয়ানমারের আকাশসীমা থেকে ফিরে এসেছে। বিজি-৩৮৮ ফ্লাইটটি বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকা ছাড়ার এক ঘণ্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করার পরই ফ্লাইটটি ফেরানোর সিদ্ধান্ত নেন। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এস২–এএফএল রেজিস্ট্রেশনধারী উড়োজাহাজটি তখন মিয়ানমারের আকাশে ছিল। দুপুর ১টা ২১ মিনিটে এটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। উড়োজাহাজটিতে ১৪৬ জন যাত্রী ছিলেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ফিরিয়ে আনা যাত্রীদের একই দিন সন্ধ্যা ৬টা ২ মিনিটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজে করে ব্যাংকক পাঠানো হয়।
জানা গেছে, সমস্যাগ্রস্ত উড়োজাহাজটি দীর্ঘদিন মেরামতের জন্য হ্যাংগারে ছিল। মাত্র দুই দিন আগে পরীক্ষামূলকভাবে এটি ঢাকা-সিলেট-ঢাকা রুটে চালানো হয়। সাফল্যের পরই আজকের ফ্লাইটে ব্যবহার করা হয়, কিন্তু আবার পুরোনো সমস্যাই দেখা দেয়।
এর আগে ২৮ জুলাই দাম্মামগামী আরেকটি ফ্লাইট (বিজি-৩৪৯) একইভাবে উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছিল। সেবারও পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে ফ্লাইট বাতিল করেন।
বিশেষজ্ঞরা বলছেন, বারবার এমন পরিস্থিতি যাত্রীদের নিরাপত্তা ও বিমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে।
মতামত দিন