"নাটক কম করো প্রিয়" নজরে পড়ে বিতর্কিত সিএনজির নম্বরপ্লেট।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ ও নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক অটোরিকশার নম্বরপ্লেটে লেখা একটি বিতর্কিত বার্তা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (৬ আগস্ট) বিকালে সীতাকুণ্ড পৌর এলাকায় এই অভিযান পরিচালিত হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে। অভিযানের সময় ফিটনেসবিহীন, নিবন্ধনবিহীন এবং লাইসেন্স ছাড়া চলা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোট সাতটি মামলায় জরিমানা করা হয় ১৪ হাজার ৫০০ টাকা।
তবে অভিযান চলাকালীন এক ব্যতিক্রম দৃশ্যে থমকে যেতে হয় ম্যাজিস্ট্রেটকে। একটি সিএনজিচালিত অটোরিকশার নম্বরপ্লেটে লেখা ছিল: "নাটক কম করো প্রিয়"—যা দেখে প্রশাসনিক কর্মকর্তারা অবাক ও বিব্রত হন। পরিদর্শনে দেখা যায়, ওই গাড়ির বৈধ কাগজপত্রও নেই।
ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, “আইনের প্রতি অবজ্ঞার প্রতীক এই ধরনের বার্তা। একজন চালক যদি রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালান এবং নম্বরপ্লেটে এমন অপ্রাসঙ্গিক ও বেয়াদবি ধরনের কথা লেখেন, সেটা সড়ক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এমন অসচেতনতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা অনুযায়ী যানবাহন আটক ও জরিমানা করা হয়। যানবাহনের রুট পারমিট, ফিটনেস সনদ, চালকের বৈধ লাইসেন্স ও মোটরযান রেজিস্ট্রেশন না থাকায় এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে বিআরটিএ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের স্থানীয় কর্মীরা
মতামত দিন