নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, ৭ যাত্রীর মর্মান্তিক মৃত্যু।
নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাতে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের সাতজন সদস্যের। যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায় পাশে থাকা খালে।
বুধবার (৬ আগস্ট) ভোরে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। সকলেই লক্ষ্মীপুর জেলার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওমান থেকে ফেরা পরিবারের এক সদস্যকে নিয়ে ঢাকার বিমানবন্দর থেকে নিজ বাড়ির পথে ফিরছিলেন তারা। দুটি গাড়িতে ভাগ হয়ে রওনা দেন যাত্রীরা। দুর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি, যাতে মোট ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে চালকসহ চারজন প্রাণে বেঁচে গেলেও পিছনের সিটে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান।
চৌমুহনী ফায়ার সার্ভিস জানায়, সকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ২৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। উদ্ধার হওয়া চালকসহ বেঁচে যাওয়া যাত্রীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওমানফেরত ব্যক্তি বেঁচে আছেন এবং তিনি অন্য গাড়িতে ছিলেন।
এদিকে একসঙ্গে সাতজন আত্মীয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ভিড় করে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন।

মতামত দিন