গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীরের স্বীকৃতি।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল জনসমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাপত্রে রাজনৈতিক সংস্কারের রূপরেখার পাশাপাশি ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনূস বলেন, দেশকে একটি বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক কাঠামোর দিকে এগিয়ে নিতে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা পরিণতি পায় জনগণের অসহযোগ এবং রাজধানীমুখী লংমার্চের মাধ্যমে। ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবন ঘেরাওয়ের মুখে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন—এভাবেই ঘোষণাপত্রে বর্ণনা করা হয় ঐ সময়কার ঘটনাপ্রবাহ।
ইউনূস আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, দেশের জনগণ তাদের শহীদ হিসেবে সম্মান দিচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের ‘জাতীয় বীর’ স্বীকৃতি দিচ্ছে। সেইসঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীদের পুনর্বাসন এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি উচ্চারণ করা হয় ঘোষণাপত্রে।
ঘোষণার শেষাংশে বলা হয়, ৫ আগস্টের গণজয়যাত্রা কেবল একটি সরকারের পতন নয়, বরং একটি নতুন রাষ্ট্রিক অধ্যায়ের সূচনা। এই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপনেই প্রণীত হলো ‘জুলাই ঘোষণাপত্র’।
মতামত দিন