অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ: কী আছে তাতে?
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত এক জনসভায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে নতুন রাজনৈতিক ও সাংবিধানিক নির্দেশনার ভিত্তি হিসেবে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হয়।
ঘোষণাপত্রে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং জনগণের সংগ্রামের ইতিহাস তুলে ধরে রাষ্ট্র পুনর্গঠনের ২৬ দফা প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের রাজনৈতিক ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিশ্লেষণ উঠে আসে।
মূল ঘোষণা ও প্রেক্ষাপট:
ঘোষণাপত্রে বলা হয়, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাম্যের রাষ্ট্র গড়তে সংগ্রাম করেছে। তবে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, বিশেষত একদলীয় শাসনব্যবস্থা, বিচার বিভাগের সংকোচন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে।
ঘোষণায় অভিযোগ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ফ্যাসিবাদী নীতির বিস্তার ঘটেছে, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতি ও অর্থপাচার হয়েছে। বলা হয়, এই অবস্থা থেকে উত্তরণের জন্যই জনগণের দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থান ঘটে, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য হয়।
রাষ্ট্রপুনর্গঠনের প্রতিশ্রুতি:
ঘোষণাপত্রে জনগণের পক্ষে কিছু মৌলিক দাবি ও অঙ্গীকার উচ্চারিত হয়েছে, যার মধ্যে রয়েছে:
-
বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের গণতান্ত্রিক সংস্কার
-
ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ
-
সকল গুম-খুন, মানবাধিকার লঙ্ঘনের বিচার
-
বৈষম্যমুক্ত ও টেকসই উন্নয়ন কাঠামোর প্রতিষ্ঠা
-
২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান
এছাড়া ঘোষণায় দাবি করা হয়, জনগণের ঐক্য ও সংগ্রামের ফলেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার গঠনের পথ প্রশস্ত করবে।
জনগণের আকাঙ্ক্ষার দলিল:
ঘোষণাপত্রের শেষাংশে বলা হয়, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলনের ফলাফল এবং এই ঘোষণাপত্রই দেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের ভিত্তি হয়ে থাকবে। ভবিষ্যতের নির্বাচনে এই ঘোষণার নীতিমালাকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রত্যাশাও এতে ব্যক্ত করা হয়।

মতামত দিন