ঐতিহাসিক দিন ‘৩৬ জুলাই’ উদযাপনে গান, ড্রোন,নাটকের সমাহার।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার দিনভর চলছে ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব—‘৩৬ জুলাই উদযাপন’। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সুর, নাট্য এবং প্রযুক্তির মিশেলে তুলে ধরা হচ্ছে গণআন্দোলনের চেতনা।
দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে শুরু হয় দিনের মূল কার্যক্রম। ওস্তাদ তোফাজ্জেল হোসেনের রচিত ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে মঞ্চে উঠছেন দেশের নানা ব্যান্ড ও একক শিল্পী।
দুপুরে এক ব্যতিক্রমী আয়োজন ছিল ‘ছাত্রজনতা’র। শেখ হাসিনার দেশত্যাগের এক বছর স্মরণে তারা আয়োজন করে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’। প্রতীকী ‘হেলিকপ্টার’ রূপে একটি গ্যাস বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উদযাপনটি সম্পন্ন হয়, যা ছিল ক্ষমতাচ্যুত শাসকের বিদায়ের প্রতীক।
সংস্কৃতি মন্ত্রণালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, বিকেল ৫টা থেকে নামাজের বিরতি বাদে চলবে সংগীত ও নাট্য পরিবেশনা। বিকেলেই পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। এরপর একে একে মঞ্চ মাতাবেন বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর, পারশা, এলিটা করিমসহ আরও অনেকে।
রাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ হিসেবে থাকছে ‘ডু ইউ মিস মি’ শিরোনামের একটি স্পেশাল ড্রোন নাট্য পরিবেশনা ও ড্রোন শো। সবশেষে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’।
জনতার অংশগ্রহণে মুখর এই অনুষ্ঠান এখন এক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। আন্দোলনের স্মৃতি, প্রতিরোধের বার্তা আর সৃজনশীলতার সম্মিলনে রাজধানী আজ উদযাপন করছে এক ঐতিহাসিক মুহূর্ত।

মতামত দিন