জাতীয়
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের সব গেট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে প্রবল পানিপ্রবাহ।

নিজেস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব স্পিলওয়ে। সোমবার রাত ১২টার কিছু পর হঠাৎ করেই এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

এতে করে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ কয়েকগুণ বেড়ে গেছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে একযোগে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। প্রতিটি স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নেমে যাচ্ছে কর্ণফুলীতে।

এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্পিলওয়ে দিয়ে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা।

এর আগে বিকেলে এক সতর্ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় গেট খোলা হতে পারে। সেই পূর্বাভাস সত্যি হয়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

কাপ্তাই হ্রদ থেকে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদী অবশেষে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। তবে পথে নদী সংলগ্ন নিচু এলাকাগুলোর ওপর এই পানির চাপ কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকলে পরবর্তী সময়ে আরও পদক্ষেপ নিতে হতে পারে।

মতামত দিন