জাতীয়
ছবি: সংগৃহীত

‘৩৬ জুলাই’ উদ্‌যাপন ঘিরে রাজধানীতে পৌঁছেছে বিশেষ ট্রেন, প্রস্তুত ফিরতি সূচি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে আজ পালিত হচ্ছে ‘৩৬ জুলাই’ দিবস। এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে দেশের আটটি অঞ্চল থেকে বিশেষ ট্রেনের মাধ্যমে ছাত্র ও জনতা রাজধানীতে আসছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ কমলাপুর স্টেশনে পৌঁছেছে ছয়টি ট্রেন। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, আটটি বিশেষ ট্রেনের মধ্যে ইতোমধ্যে ছয়টি গন্তব্যে পৌঁছেছে এবং যাত্রীরা স্টেশন ত্যাগ করেছেন। বাকি দুটি ট্রেন—নরসিংদী ও জয়দেবপুর থেকে ছুটে আসা—তখনো পথে ছিল।

যেসব অঞ্চল থেকে ট্রেন এসেছে তার মধ্যে রয়েছে ভাঙ্গা, নারায়ণগঞ্জ, সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম। রেলওয়ে সূত্র জানিয়েছে, এ দিবস ঘিরে বরাদ্দ ট্রেনগুলো সকাল থেকে দুপুরের মধ্যে রাজধানীতে প্রবেশ করবে এবং রাতে কর্মসূচি শেষে একই ট্রেনে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ট্রেন চলাচলের জন্য একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রংপুর থেকে যাত্রা শুরু হয়েছে ৪ আগস্ট রাতে, আর চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট থেকে ট্রেনগুলো ছাড়া হয়েছে ৫ আগস্ট ভোরে। গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো দুপুরের আগেই রওনা দেয়।

সূত্র অনুযায়ী, ৮ জোড়া ট্রেনের জন্য ভাড়া ধরা হয়েছে ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা পরিশোধ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ট্রেনগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। নির্দেশনায় বেলা ২টা থেকে ৩টার মধ্যে ট্রেন ঢাকায় পৌঁছানো এবং রাত ৮টা থেকে ৯টার মধ্যে গন্তব্যের পথে রওনা দেওয়ার নির্দেশ ছিল।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দূরবর্তী গন্তব্যের ট্রেনগুলো আগে ছাড়বে, তারপর পর্যায়ক্রমে কাছাকাছি জেলার ট্রেনগুলো ছুটবে নিজ নিজ গন্তব্যে। এভাবেই সাজানো হয়েছে পুরো ফিরতি ট্রেন পরিকল্পনা।

মতামত দিন